আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল: তথ্য মন্ত্রণালয়
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে—এমন সংবাদকে ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, আইপিএল সম্প্রচার বন্ধে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি জাতীয় দৈনিকে ‘গভট লিফটস বার অন আইপিএল টেলিকাস্ট ইন বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব সংবাদ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একইসঙ্গে বিভ্রান্তি এড়াতে প্রকাশিত ভুল সংবাদের সংশোধনী জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


