ইরানের ভূখণ্ডে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে ‘কফিনে’

ইরানের ভূখণ্ডে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে ‘কফিনে’
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৬

ইরান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো মার্কিন সেনা যদি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তারা “জীবিত নয়, কফিনে” দেশে ফিরবে। বিষয়টি প্রকাশ করেছে ইরানের ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’।

শুক্রবার (২৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যমে খবর আসে যে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, এটি সম্ভাব্য ইরানবিরোধী স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, যুদ্ধ এড়াতে তেহরানের সঙ্গে শান্তি আলোচনা চলছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও বেশি সামরিক বিকল্প দেওয়ার জন্য অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এসব সেনাকে ইরানের মূল ভূখণ্ড এবং খার্গ দ্বীপ সংলগ্ন কৌশলগত এলাকায় অবস্থান করানো হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরানের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে, তারা ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের আরও সক্রিয় করবে। এর ফলে লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে এবং নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে যেতে পারে।

এদিকে সংঘাতপূর্ণ অঞ্চলে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি বাহিনী শুক্রবার তেহরানের কেন্দ্রীয় অংশে “ইরানি সন্ত্রাসী অবকাঠামো” লক্ষ্য করে বিমান হামলা চালায়। একই দিনে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর অবস্থানও লক্ষ্য করা হয়। প্রতিক্রিয়ায়, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।