৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

রাজনীতি
৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা
নিউজ ডেস্ক
৩০ মার্চ ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে দেশের পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের চূড়ান্ত মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সিলেট সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে দলের প্রার্থী হয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এ কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের পর দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধির অভাব রয়েছে, যা নাগরিক সেবায় প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয়করণ করছে।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় সরকার কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সরকারের কাছে নির্বাচন আয়োজনের সক্ষমতা থাকা সত্ত্বেও এখনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার স্থানীয় সরকারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের যেন সংশ্লিষ্ট নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া হয়, সে বিষয়ে স্পষ্ট বিধান থাকা প্রয়োজন।

এছাড়া দলটি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে নিরপেক্ষ পদ্ধতিতে ভোটগ্রহণের আহ্বান জানিয়েছে।