ইলিয়াস আলীর গুমের কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ডিজিএফআই প্রধান

জাতীয়
ইলিয়াস আলীর গুমের কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ডিজিএফআই প্রধান
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, টিপাইমুখ বাঁধ এবং ভারত-এর সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরোধিতা করে আন্দোলনের ঘোষণা দেওয়ার কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয় বলে দাবি করেছেন তিনি।

জিজ্ঞাসাবাদে শেখ মামুন খালেদ আরও দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র নির্দেশে পুরো গুমের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এতে র‌্যাব অংশ নেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী এলাকা থেকে ব্যক্তিগত গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। সে সময় ডিজিএফআই প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ।

বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন এই সাবেক সেনা কর্মকর্তা। তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের শুরুতে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে তিনি স্বীকার করেন যে, গুমের ঘটনায় ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তা প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন এবং বিষয়টি আগে থেকেই কয়েকজনের জানা ছিল।

অন্যদিকে, গোয়েন্দা কর্মকর্তাদের দাবি—তৎকালীন ডিজিএফআই প্রধান হিসেবে শেখ মামুন খালেদের নির্দেশনাতেই পুরো অভিযান পরিচালিত হয় এবং ডিজিএফআই ও র‌্যাবের একটি বিশেষ দল এতে অংশ নেয়।

এছাড়া জিজ্ঞাসাবাদে এক-এগারোর সময়কাল এবং পরবর্তী বিভিন্ন সংবেদনশীল ইস্যু নিয়েও তথ্য দিয়েছেন তিনি বলে জানা গেছে।

এ ঘটনায় আরও একজন সাবেক সেনা কর্মকর্তা মো. আফজাল নাছের-কে গ্রেফতার করা হয়েছে এবং তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই তথ্যগুলো ইলিয়াস আলী গুম রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।