দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

সদ্যবিদায়ী মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংক-এর হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে মোট রেমিট্যান্স এসেছে ৩.৭৫ বিলিয়ন ডলার, যা ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭৩ কোটি ডলার বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ডলার, আর গত বছরের মার্চে এসেছিল প্রায় ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে (৩.২৯ বিলিয়ন ডলার)। এছাড়া গত বছরের ডিসেম্বরে ৩.২৩ বিলিয়ন এবং চলতি বছরের জানুয়ারিতে ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় মার্চে এই প্রবাহ বেড়েছে, যা একটি স্বাভাবিক প্রবণতা।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও এখনো প্রবাসী শ্রমিকদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি। কর্মসংস্থান ও আয় মোটামুটি স্থিতিশীল থাকায় রেমিট্যান্স প্রবাহও ভালো রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যতে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে। এছাড়া নতুন শ্রমিক বিদেশে যাওয়ার সুযোগ সীমিত হওয়ায় দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধিতে চাপ তৈরি হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলারের বেশি। বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ২৬৪ কোটি ডলার। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ডলারের কিছু বেশি।

তবে এ সময়ে কয়েকটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়া এবং হুন্ডি কমে আসা এই রেকর্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এই ধারা দীর্ঘমেয়াদে বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।