সব ব্যাংকের জন্য গভর্নরের নতুন নির্দেশ

সব ব্যাংকের জন্য গভর্নরের নতুন নির্দেশ
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও রাজস্ব বৃদ্ধি করতে চলতি বছরের জুনের মধ্যেই সব ব্যাংককে বাংলা কিউআর চালুর নির্দেশ দিয়েছেন মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এ ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে অতীতে রাজনৈতিক প্রভাব বড় বাধা হিসেবে কাজ করেছে। তবে ভবিষ্যতে এ ধরনের প্রভাব কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রকল্প অনুমোদনের আগে কঠোর যাচাই-বাছাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত জাতীয় কিউআর ব্যবস্থা বাংলা কিউআর চালুর মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোন ব্যবহার করে সহজেই ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এতে নগদ অর্থ বা কার্ড স্পর্শ ছাড়াই দ্রুত ও নিরাপদ লেনদেন সম্ভব হবে।

এই পদ্ধতিতে ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদির দোকানসহ সব ধরনের ব্যবসায়ী সহজে পেমেন্ট গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে গ্রাহকদের জন্যও এটি হবে একটি সহজ ও সুবিধাজনক পেমেন্ট মাধ্যম।

বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট গ্রহণের পরপরই ব্যবসায়ীর মোবাইলে নিশ্চিতকরণ বার্তা পৌঁছাবে। এছাড়া মার্চেন্ট অ্যাপের মাধ্যমে দৈনিক লেনদেনের হিসাব দেখা, ডিজিটাল হালখাতা পরিচালনা এবং সরবরাহকারীদের পেমেন্টসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।