হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু

জাতীয়
হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৬

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুদের অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৪৭ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। একই সময়ে মারা গেছে তিনজন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৪২ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

তবে উপসর্গভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং নিশ্চিত সংক্রমণের মধ্যে পার্থক্য রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে ৫টি মৃত্যু বাদ দিয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এসব ঘটনা জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। সংশ্লিষ্ট জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুর।

এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা সর্বশেষ প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমানো যায়।