দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

রাজনীতি
দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৬

দলীয় রাজনীতি ও সরকারের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতার অপব্যবহার রোধ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতেই আমি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ সম্মেলনে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক আলোচনা চলমান রয়েছে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই এর চূড়ান্ত বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় দলটির প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। একই সম্মেলনে ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিও গঠন করা হয়।

পরবর্তীতে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর একক দায়িত্বে বহাল রাখা হয়।