‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ’

জাতীয়
‘ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল, সেই অধ্যায় শেষ’
নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে নতুন এক কূটনৈতিক অধ্যায় শুরু করতে চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে বহু সমস্যার সমাধান সম্ভব। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির প্রক্রিয়া এগিয়ে নিতে আমরা আশাবাদী।”

সাবেক সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল, তা আর থাকবে না। সেই অধ্যায় এখন শেষ।”

এদিকে, আসন্ন ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ অংশ নিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়—বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধসহ অমীমাংসিত ইস্যুগুলো—গুরুত্বের সঙ্গে আলোচনায় তোলা হবে।