প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি ভাইরাল, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

দেশজুড়ে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি ভাইরাল, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
৮ এপ্রিল ২০২৬

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের পর এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী কলাপাড়া উপজেলার খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। একই গ্রামের এক কলেজছাত্র তাকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত তরুণ জোরপূর্বক তাকে জড়িয়ে ধরে ছবি তোলে এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, কয়েক দিন আগে অটোরিকশায় যাওয়ার সময় অভিযুক্ত তরুণ ও তার এক সহযোগী জোর করে গাড়িতে উঠে ওই শিক্ষার্থীকে বিব্রত করে এবং ছবি তোলে। পরে প্রেমের প্রস্তাবে রাজি না হলে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত সপ্তাহে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকিও দেয় বলে দাবি পরিবারের।

নিহতের বাবা বলেন, আমার মেয়েকে নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। শেষ পর্যন্ত অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় বাড়ির গোসলখানায় ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাতেই দাফন সম্পন্ন হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।