হাদি হত্যা মামলার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে ভারত সম্মত হয়েছে। এ তথ্য বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয়পক্ষ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে। শহিদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে ভারত সরকারকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। দু’দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয়পক্ষ সম্মত হয়।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্যও বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি অনুসরণ করবে।
মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। অন্যদিকে, ডিজেল ও সার সরবরাহ বৃদ্ধি বিষয়ে ভারত ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছান। তিনি আগামীকাল ৯ এপ্রিল দুপুরে মরিশাসের উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।


