লেখায় অসামঞ্জস্যতা থাকায় পড়তে সমস্যা হয়েছে প্রতিমন্ত্রী নুরের: রাশেদ খাঁন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপি নেতা রাশেদ খাঁন ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর বিল উত্থাপনের সময় যে ভুলটি পরিলক্ষিত হয়েছে, তা মূলত লেখাটির ত্রুটি।
রাশেদ খাঁন বলেন, “প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি আটকে গেছেন। নিজেও বুঝতে পেরেছিলেন শব্দ ও বাক্য মিলছিল না। এটি দাপ্তরিক ভুল। মন্ত্রীরা তো নিজেরা লিখে না, বিষয়টি তাদের জন্য প্রস্তুত করে দেওয়া হয়।”
তিনি আরও উল্লেখ করেন, “সমস্যা হয়েছে সম্ভবত সময়ের স্বল্পতার কারণে এবং তিনি সংসদে নতুন। বলা যায়, নুরুল হক নুর মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে অন্যতম তরুণ।”
রাশেদ খাঁন পোস্টের শেষাংশে শুভকামনা জানিয়ে বলেন, “আশা করি তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে আরও ভালো করবেন। শুভকামনা রইলো প্রিয় সহযোদ্ধা নুরুল হক নুরের জন্য।”


