শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

জাতীয়
শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শেষ হয়েছে। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদে এসে সমাপ্ত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও শোভাযাত্রায় ঐতিহ্যের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুর প্রতিফলন দেখা গেছে। অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে উঠে এসেছে পরিবেশ রক্ষা, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক নানা দাবি। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘বাঁচাও সুন্দরবন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের ন্যায্য মূল্য দাও’ এবং ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’—এমন বিভিন্ন স্লোগান সবার দৃষ্টি আকর্ষণ করে।

চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, অংশগ্রহণকারীরা রঙিন মুখোশ, প্রতীকী ভাস্কর্য ও শিল্পকর্ম নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। ঢোল, বাঁশি ও লোকজ বাদ্যযন্ত্রের তালে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নববর্ষকে ঘিরে চারুকলা অনুষদে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন। চৈত্র সংক্রান্তির দিন বিকেল থেকে রাত পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ এই শোভাযাত্রা ঐতিহ্য, শিল্প ও সামাজিক সচেতনতার অনন্য মেলবন্ধন হিসেবে প্রতি বছরই নতুন মাত্রা যোগ করে।