‘কৃষক কার্ড’ উদ্বোধন করতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।
জানা গেছে, টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য প্রণোদনা, ভর্তুকি এবং বিভিন্ন সরকারি সহায়তা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে মাঠ পর্যায়ে সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলেও আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রগতি হলো। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়েছে।
সরকারের মতে, নতুন এই উদ্যোগ কৃষি খাতকে আরও গতিশীল করবে এবং সরাসরি কৃষকদের উপকারে আসবে।


