প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয়
প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬

সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সময়োপযোগী শক্তিতে রূপান্তর করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তারেক রহমান। জাতীয় সংসদ-এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়।

লিখিত উত্তরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী ও দক্ষ শক্তিতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন, প্রশিক্ষণ উন্নয়ন এবং কাঠামোগত সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী-কে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে। এ জন্য একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কৌশল ও আধুনিক প্রতিরক্ষা নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্তব্যে আরও বলা হয়, কেবল প্রচলিত সামরিক শক্তি নয়, বরং সাইবার নিরাপত্তা, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উপকূলীয় নিরাপত্তার মতো নতুন ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানো হচ্ছে। বিমান বাহিনীর জন্য আধুনিক যুদ্ধবিমান সংযোজনসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা, কল্যাণ এবং অবসরোত্তর সুবিধা উন্নয়নের বিষয়গুলোও পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করা হয়।

সরকার আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেও গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সংলাপ অব্যাহত রয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের মতে, সশস্ত্র বাহিনীর এই ধারাবাহিক আধুনিকায়ন দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে।