গণভোটের রায় বাস্তবায়নে শনিবার ঢাকায় গণমিছিল করবে ‘১১ দলীয় ঐক্য’

রাজনীতি
গণভোটের রায় বাস্তবায়নে শনিবার ঢাকায় গণমিছিল করবে ‘১১ দলীয় ঐক্য’
নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬

জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে টানা তিন শনিবার ‘গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে দেশের সব জেলায় একই কর্মসূচি পালিত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, জ্বালানি ও সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দখলদারি ও চাঁদাবাজি বন্ধ এবং ব্যাংক খাতের দুরবস্থা থেকে জনগণকে রক্ষার দাবিতে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাব এবং গণভোটের রায় সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনের আগে জোটের শীর্ষ নেতারা এক বৈঠকে বসেন। ওই বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান নেতারা।

এছাড়া ২ মে’র পর বিভাগীয় পর্যায় ও বড় শহরগুলোতে অন্তত ১২টি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে রাজধানীতে একটি ‘জাতীয় মহাসমাবেশ’ আয়োজন করা হবে বলেও জানানো হয়।

জোট নেতারা জানান, ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করবেন।

প্রসঙ্গত, গণভোটে জুলাই জাতীয় সনদের পক্ষে রায় আসার পরও সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু না হওয়ায় এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।