সাপে কামড়ানোর পর ওঝার ঝাড়ফুঁক, অবশেষে মৃত্যু

দেশজুড়ে
সাপে কামড়ানোর পর ওঝার ঝাড়ফুঁক, অবশেষে মৃত্যু
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে রুহুল আমিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে রাতের দিকে বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন রুহুল আমিন। এসময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। পরে তিনি দ্রুত বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার শরণাপন্ন হন। ওঝা ঝাড়ফুঁক করে তাকে সুস্থ হয়ে উঠবেন বলে আশ্বস্ত করেন। এতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় বলে অভিযোগ উঠেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাত বাড়ার সঙ্গে সঙ্গে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত ২টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিন উপজেলার মটমুড়া গ্রামের আনসার আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাপে কামড়ালে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। কুসংস্কার বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করলে প্রাণহানির ঝুঁকি অনেক বেড়ে যায়।