সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

রাজনীতি
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন সংসদে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা যখন সমাজের কাছে যাই, তখন দেখি সমস্যার পাহাড় জমে আছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ হামে আক্রান্ত শিশুদের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে পর্যাপ্ত আইসিইউ সুবিধা রয়েছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, অনেক হাসপাতালে আইসিইউ সেবাই নেই। তার মতে, শুধু যন্ত্রপাতি নয়, দক্ষ জনবল—বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ তৈরি না হওয়াও বড় সমস্যা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও স্বাস্থ্য ও শিক্ষা খাত যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শিশু হাসপাতালের সেবা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, সারা দেশ থেকে শিশু রোগীরা এখানে চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবার ঘাটতি রয়েছে।

বাজেট কমানোর বিষয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, আগে এই হাসপাতালের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও গত বছর তা কমিয়ে ২৮ কোটি টাকা করা হয়েছে, যা সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বাড়ানো উচিত বলে তিনি মত দেন।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে এখানে ৬৪ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ১৩ জন। এছাড়া গত ১৫ মার্চ থেকে হাম ও হাম-সংশ্লিষ্ট জটিলতায় ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসা অবকাঠামো জোরদারের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।