দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

মন্ত্রী বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান দৈনিক সরবরাহ (প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট) অপরিবর্তিত থাকলে, এই মজুত দিয়ে প্রায় এক যুগ পর্যন্ত গ্যাস সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হবে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে। পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ২৬টির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কূপগুলোর কাজও বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।
এছাড়া, নতুন গ্যাসক্ষেত্র শনাক্তে সাইসমিক জরিপ কার্যক্রমও এগিয়ে চলছে। বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ শেষ হয়েছে এবং তা প্রক্রিয়াকরণাধীন। পাশাপাশি হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ৩ডি সাইসমিক জরিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন গ্যাসের উৎস আবিষ্কার এবং বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোই হবে দেশের জ্বালানি খাতের প্রধান চ্যালেঞ্জ।

