ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মৃত্যু অপর বন্ধুর
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই প্রবীণ বন্ধুর জীবনাবসান ঘটেছে এক আবেগঘন ও মর্মান্তিক ঘটনায়। দীর্ঘদিনের সঙ্গীকে দাফনের প্রস্তুতি নিতে গিয়ে কবরের ভেতরেই মৃত্যু হয়েছে অপর বন্ধুর। ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এনেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) ছিলেন বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। একজন পেশায় কাঠমিস্ত্রি, অন্যজন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। জীবদ্দশায় তারা শুধু নিজেদের বন্ধুত্বই নয়, সমাজসেবামূলক কাজেও একসঙ্গে যুক্ত ছিলেন। এলাকার মৃত ব্যক্তিদের জন্য বিনা পারিশ্রমিকে কবর খোঁড়া ছিল তাদের নিয়মিত কাজ, এবং এ পর্যন্ত তারা শতাধিক কবর খুঁড়েছেন বলে জানা গেছে।
রোববার রাতে একসঙ্গে সময় কাটানো ও সোমবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর সকালেই বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বাচ্চু পাটওয়ারী। প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদে ভেঙে পড়েন আবুল হাশেম। কিছু সময় শোক প্রকাশের পর তিনি নিজেই বন্ধুর কবর খোঁড়ার দায়িত্ব নেন।
কবর খোঁড়ার এক পর্যায়ে হঠাৎ করেই কবরের ভেতরে অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ওপরে তোলা হলে উপস্থিতরা দেখতে পান, তিনিও ইন্তেকাল করেছেন।
ঘটনাটি ফরিদগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া এলাকার একটি কবরস্থানে ঘটে।
পরিবারের সদস্যরা জানান, দুই বন্ধুর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তারা প্রায় সব কাজই একসঙ্গে করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জীবনে যেমন তারা অবিচ্ছেদ্য ছিলেন, মৃত্যুতেও তেমনি একসঙ্গেই বিদায় নিলেন—যা এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।


