মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনীতি
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ধর্মীয় বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়।

এর আগে গত ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে অভিযোগ করা হয়, তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে কুষ্টিয়ার বর্তমান ডিসি পদে বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে তাকে সাত দিনের মধ্যে তার অভিযোগের পক্ষে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করার আহ্বান জানানো হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগেও আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মানহানির মামলা দায়ের করা হয়েছে। গত ২ এপ্রিল আদালত একটি অভিযোগ গ্রহণ করে তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন।

মামলার বাদী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, এ ধরনের মন্তব্য একজন মন্ত্রীর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এছাড়া একই অভিযোগে বিএনপি-সমর্থিত আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম পৃথকভাবে ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা দায়ের করেছেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ঘটনায় রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, এবং সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতি এখন সবার নজরে।