টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা

দেশজুড়ে
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় অপহরণের পর তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের রাতের কোনো এক সময় অথবা ভোরে অপহরণ করা হয়ে থাকতে পারে। পরে তাদের পাহাড় সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে গিয়ে পিটিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে এলাকাবাসী তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, যাদের খোঁজে অভিযান চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।

স্থানীয়দের ধারণা, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।