শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংস্থাটি জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা এবং সংশ্লিষ্ট শিল্প ও আবাসিক অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে— আশুলিয়া, সাভার, নবীনগর, কাশিমপুর, শ্রীপুর, চন্দ্রা, মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা।
এছাড়া শিল্পাঞ্চল যেমন ঢাকা ইপিজেড, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট পাওয়ার প্ল্যান্ট এলাকাও এই গ্যাস বন্ধের আওতায় পড়বে বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।


