হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
দেশে হাম সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন সরাসরি হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৪২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
সংক্রমণের দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম-এ আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩১ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হামের ঝুঁকি বেশি হওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


