সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

জাতীয়
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস
নিউজ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬

দীর্ঘদিনের প্রচলিত একটি সুবিধার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুযোগ বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ রোববার জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বিলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট বিধানের আর্টিকেল থ্রি-সি বাতিল করা হয়েছে, যার মাধ্যমে এতদিন সংসদ সদস্যরা শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা পেতেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের জন্য এই ধরনের বিশেষ সুবিধা নাগরিকদের সঙ্গে বৈষম্য তৈরি করে এবং রাষ্ট্রীয় ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। স্বচ্ছতা ও ব্যয় সংযম নিশ্চিত করার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যরা সিদ্ধান্তকে স্বাগত জানালেও পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে কিছু পর্যবেক্ষণ দেন। জবাবে আইনমন্ত্রী জানান, সরকারি নীতিমালার আলোকে এবং সংসদ নেতার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিলটি প্রণয়ন করা হয়েছে।

বিল পাসের মাধ্যমে সংসদ সদস্যদের একটি দীর্ঘদিনের আর্থিক সুবিধার আনুষ্ঠানিক অবসান ঘটল বলে জানানো হয়েছে।