জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। তিনি বলেন, সুস্থ জাতি গঠন ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়।
সোমবার (২৭ এপ্রিল) যশোর-এ বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসুস্থতা প্রতিরোধে জনগণকে সচেতন করা। তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা সম্ভব। দ্রুততার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।


