বাংলাদেশে পারমাণবিক যুগের দ্বার খুলছে, রূপপুরে শুরু ফুয়েল লোডিং

জাতীয়
বাংলাদেশে পারমাণবিক যুগের দ্বার খুলছে, রূপপুরে শুরু ফুয়েল লোডিং
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে, যা বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি।

জানা গেছে, এই প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইডের ক্ষুদ্র পেলেট, যা অত্যন্ত শক্তিশালী জ্বালানি হিসেবে পরিচিত। মাত্র ৫ গ্রাম ইউরেনিয়াম থেকে উৎপন্ন তাপ প্রায় এক টন কয়লার সমতুল্য। কার্বন নিঃসরণ ছাড়াই দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হওয়ায় এই প্রযুক্তি পরিবেশবান্ধব হিসেবে বিবেচিত।

প্রযুক্তিগত প্রক্রিয়ায়, ইউরেনিয়াম পেলেটগুলো জিরকোনিয়াম অ্যালয় টিউবের ভেতরে সংরক্ষণ করে ফুয়েল রড তৈরি করা হয়। এরপর শত শত রড একত্রে একটি ফুয়েল অ্যাসেম্বলি গঠন করে, যা রিয়্যাক্টরের কোরে স্থাপন করা হয়। রূপপুরের ইউনিট-১ এ মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি ব্যবহার করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফুয়েল লোডিংয়ের আগে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা মেনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, ধাপে ধাপে ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের সময় নিউট্রন পর্যবেক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশ নিরবচ্ছিন্ন, টেকসই ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে প্রবেশ করবে।