সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ৭

জাতীয়
সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী, এখন পর্যন্ত মৃত্যু ৭
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কা এবং ২ জন মদিনা-তে মৃত্যুবরণ করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারা সবাই স্বাভাবিকভাবে মারা গেছেন।

স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সৌদি মেডিকেল টিম ইতোমধ্যে ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে এবং আইটি হেল্পডেস্ক ৮ হাজার ৫৮০ জনকে সহায়তা প্রদান করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কর্তৃপক্ষ জানায়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

বিমান সংস্থাভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্স-এর ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিস জানায়, বাকি ৩৮ হাজার ৯৩৮ জন যাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ইতোমধ্যে ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।