ঢাকায় ই-ট্রাফিক: আইন ভাঙলেই অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয়
ঢাকায় ই-ট্রাফিক: আইন ভাঙলেই অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

রাজধানীর সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে সিসি ক্যামেরা ব্যবহার করে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন সড়কে স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ও স্থিরচিত্র ব্যবহার করে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের মালিক ও চালকদের ঠিকানায় স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্টদের ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইনে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। অন্যথায় আদালতের মাধ্যমে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে।

ডিএমপি জানায়, সম্প্রতি গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল ক্রসিংয়ে এআই প্রযুক্তিসম্পন্ন উন্নত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানো এবং লেন ব্লক করার মতো অপরাধে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে।

একইসঙ্গে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, সিসি ক্যামেরা সংক্রান্ত মামলা নিষ্পত্তির বাইরে কোনো ব্যক্তি বা চক্র অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে যোগাযোগের আহ্বান জানিয়েছে ডিএমপি।