বিএনপি আদর্শচ্যুত, নেতাকর্মীদের একাংশ এনসিপিমুখী: হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে গেছে এবং দলের অনেক তৃণমূল নেতাকর্মী হতাশায় ভুগছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম।
হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা বিএনপির অনেক নেতাকর্মী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তার ভাষ্য অনুযায়ী, দলটির ভেতরে নীরব পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং কিছু নেতাকর্মী বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। বিএনপির অনেক নেতাকর্মী এখন এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও তারা সামাজিক কারণে তা প্রকাশ করতে পারছেন না।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকা উচিত। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের জনগণের কাছে এনসিপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকা প্রয়োজন এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।
অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


