রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফোম কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সতর্কতার সঙ্গে কাজ করছেন।


