কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

জাতীয়
কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬

ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি বা রাজনৈতিক গোষ্ঠী যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বহু পুলিশ সদস্য শহীদ হন। দেশের স্বাধীনতা রক্ষায় তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না।

তিনি বলেন, “যে স্বাধীনতার জন্য পুলিশ সদস্যরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার চায় পুলিশ জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠুক। কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার হিসেবে নয়, বরং আইন ও সংবিধানের প্রতি দায়বদ্ধ একটি জনবান্ধব বাহিনী হিসেবে পুলিশকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেখিয়েছে যে, একটি স্বাধীন ও পেশাদার পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছেন।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, বিদেশে অর্জিত সেই সুনাম দেশের ভেতরেও বজায় থাকবে এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মানবিক ও আস্থাভিত্তিক হবে।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সরকারি প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।