সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

জাতীয়
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১২৯টি ফ্লাইটে তারা দেশটিতে গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার সকালে প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে গেছেন ২৩ হাজার ৫৯১ জন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৪২১ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে অবস্থান করছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ উপলক্ষে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

হজ শেষে আগামী ৩০ মে থেকে দেশে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের যাতায়াত, আবাসন ও সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।