বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উচ্চশিক্ষা বিষয়ক এক কর্মশালায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৮ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারেনি। গবেষণা, প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনের মতো সূচকে উন্নতি ঘটাতে না পারলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস, বায়োটেকনোলজি ও সাইবার সিকিউরিটির মতো প্রযুক্তি বিশ্ব অর্থনীতি ও কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে। তাই মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার দিকে অগ্রসর হওয়ার তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যেই সরকার ইন্টার্নশিপ, এপ্রেন্টিসশিপ ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সিড ফান্ডিং, ইনোভেশন গ্রান্ট, বিজ্ঞান মেলা ও ইনোভেশন ফেয়ারের মতো কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব কমাতে সময়োপযোগী ও কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন জরুরি। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি ও ব্যবহারিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে এলামনাইদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর এলামনাইরা তার মেরুদণ্ড।”
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

