ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

জাতীয়
ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম
নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করেছে রেলস্টেশনগুলোতে। শনিবার ভোর থেকে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। তবে যাত্রার প্রথম দিনেই বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে ১২টি ট্রেন বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যদিও অধিকাংশ ট্রেন ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্বে স্টেশন ত্যাগ করেছে।

রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ভোরে ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। পরে রংপুর, জামালপুরসহ বিভিন্ন রুটের ট্রেন পর্যায়ক্রমে যাত্রা শুরু করে। রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর স্টেশন ছাড়ে, আর জামালপুর এক্সপ্রেসও সময়মতো যাত্রা শুরু করতে পারেনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে টিকিট সংগ্রহ, আসন ব্যবস্থা এবং যাত্রাসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

যাত্রীরা জানান, এখন পর্যন্ত অতিরিক্ত ভিড় না থাকায় আসনসংক্রান্ত কোনো বড় সমস্যা হয়নি। তবে ট্রেনের অভ্যন্তরীণ সেবার মান নিয়ে বেশ কয়েকজন অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগের মধ্যে ছিল নষ্ট ফ্যান, ভাঙা আসন এবং অপরিচ্ছন্ন টয়লেট।

রেলওয়ের মহাপরিচালক যাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।