শিশু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ হওয়ায় আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে বদলির আদেশ দেন।
রোববার (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে পরিচালিত হবে।
মামলার নথি অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা শিশুটির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরদিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধের দায় স্বীকার করে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ঘটনার তদন্ত, আলামত সংগ্রহ, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করা হয়েছে। আলোচিত এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।


