৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের প্রায় ১,৫০০ কারখানায় এখনও শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ হয়নি। শিল্পাঞ্চল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৫ মে) পর্যন্ত তাদের আওতাধীন ১০ হাজার ২৩৮টি কারখানার মধ্যে এই বিপুল সংখ্যক কারখানা সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি।
এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছে পোশাক ও টেক্সটাইল খাত। সংশ্লিষ্ট তথ্য বলছে, গার্মেন্টস ও টেক্সটাইল খাতের ৩ হাজার ২৭০টি কারখানার মধ্যে ৪০৯টি কারখানা এখনো শ্রমিকদের বোনাস দেয়নি।

শুধু বোনাস নয়, বেতন পরিশোধ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শ্রম আইন অনুযায়ী, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা থাকলেও ২৫ মে পর্যন্ত ১৬২টি কারখানা এপ্রিল মাসের বেতন দেয়নি। এর মধ্যে ৯২টি পোশাক ও টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
শিল্পাঞ্চল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিজিএমইএভুক্ত ১ হাজার ৫৭০টি কারখানার মধ্যে ২২০টিতে এখনও বোনাস বকেয়া রয়েছে। এছাড়া বিকেএমইএর ৫৮২টি কারখানার মধ্যে ১২৬টি এবং বিটিএমএভুক্ত ৫৭টি কারখানাও এখন পর্যন্ত বোনাস পরিশোধ করেনি।
তবে শিল্পাঞ্চল পুলিশের এই তথ্যের সঙ্গে একমত নয় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, তাদের ১ হাজার ৭৯৪টি সদস্য কারখানার মধ্যে মাত্র ৪৬টিতে বোনাস বাকি রয়েছে এবং এপ্রিল মাসের বেতন বকেয়া আছে মাত্র তিনটি কারখানায়।
বিজিএমইএর সহ-সভাপতি মো. রেজওয়ান সেলিম বলেন, অধিকাংশ কারখানায় ইতোমধ্যে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে এবং ধাপে ধাপে ঈদের ছুটিও শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যেই বাকি কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে আজ মঙ্গলবারও কিছু কারখানা খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

