আদ্-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। শুক্রবার নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে অবকাঠামোগত ত্রুটি ও একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, সরকারের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।
এর আগে এ ঘটনায় রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।
ঘটনাটি সামনে আসার পর হাসপাতালগুলোর নবজাতক সেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


