দেশে এলো হজের প্রথম ফিরতি ফ্লাইট
পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় পৌঁছেছে। শনিবার (৩০ মে) বেলা ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রমের প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন যাত্রী দেশে ফিরবেন। চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের প্রধান আনুষ্ঠানিকতা শেষ করেন মুসল্লিরা।
চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের কার্যক্রম শুরু হয়েছিল গত ১৭ এপ্রিল। ওই দিন রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ও ভিসাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। পাশাপাশি বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাও নির্বিঘ্ন রাখা হয়। ফলে কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে সক্ষম হয়েছেন।


