মশক নিধন প্রকল্পে যুক্তরাষ্ট্র সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ চসিক মেয়রের
মশক নিধনের জৈবিক প্রযুক্তি নিয়ে সম্ভাব্য বিনিয়োগ ও উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর অনুমোদন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ ঘটনায় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পোস্টে মেয়র দাবি করেন, সফরসংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এর ফলে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শাহাদাত হোসেন জানান, গত কয়েক মাস ধরে চসিক এলাকায় মার্কিন প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের জৈবিক লার্ভিসাইড ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।
এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি মেয়রের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় অবস্থিত কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সফরের সব ব্যয় বহনের প্রস্তাবও দেয় প্রতিষ্ঠানটি।
মেয়রের মতে, বাংলাদেশে এ ধরনের উৎপাদন কারখানা গড়ে উঠলে মশার লার্ভা দমনে ব্যবহৃত উপকরণ স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তবে সম্প্রতি সফরসংক্রান্ত প্রস্তাবটি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হলেও প্রধানমন্ত্রী তা অনুমোদন দেননি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফরের বিষয়ে প্রশ্ন তুলেছেন।
চসিক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রতিনিধিদলে মেয়র ছাড়াও করপোরেশনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল।
এদিকে সফর বাতিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে যেমন সরকারি ব্যয়ে বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে সম্ভাব্য বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


