প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাপানের অন্যতম বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ। এ সময় সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও কার্যকর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেয়।
সরকারি পক্ষ জানায়, বিনিয়োগ অনুমোদন ও সেবা কার্যক্রম দ্রুততর করতে বিভিন্ন সংস্থার সেবাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে ও স্বল্প সময়ে প্রয়োজনীয় সেবা পাবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
মিতসুই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিনিধিদলে আরও ছিলেন এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।
উল্লেখ্য, মিতসুই অ্যান্ড কোম্পানি বিশ্বব্যাপী লজিস্টিকস, জ্বালানি, ধাতু, অবকাঠামো ও খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশের সম্ভাবনাময় বাজারে প্রতিষ্ঠানটির আগ্রহ ভবিষ্যৎ বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


