১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি
আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে তিনি একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, কক্সবাজারের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে নেওয়া খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পানি সম্পদ মন্ত্রী জানান, ২০১৬ সালে শুরু হওয়া একটি বৃহৎ প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও প্রত্যাশিত সুফল পুরোপুরি পায়নি এলাকাবাসী। ফলে জলাবদ্ধতা এখনো একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এরপর প্রকল্পের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কার্যক্রম স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
মন্ত্রী আরও জানান, জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রমও সিটি করপোরেশনের অধীনে আনা হবে। এতে করে ডিএনডি অঞ্চলের সামগ্রিক নাগরিক সেবার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড্রেনেজ ব্যবস্থাকে আরও কার্যকর করতে অতিরিক্ত ৩০ কিলোমিটার ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু করা হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


