পূর্বধলায় ঝটিকা মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার-৬

দেশজুড়ে
পূর্বধলায় ঝটিকা মিছিলের ঘটনায় ৩৩ জনের নামে মামলা, গ্রেপ্তার-৬
নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৬

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছেন পূর্বধলা থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২জুন) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল হক বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০–৩৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা সদরের রাজপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন (৪৯), উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা গ্রামের মো. মুন্তাজ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা মো. মাসুদ রানা (২২), একই ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মৃত হাতিম খাঁর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান (৪৪), খলিশাউড় ইউনিয়নের জামাইকোণা গ্রামের মৃত হাজী তালেব আলী সরকারের ছেলে ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান (৪৫), উপজেলা সদরের গার্লস স্কুল রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) এবং উপজেলা সদরের শালদিঘা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. হযরত আলী (৪৬)।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ফাজিলপুর এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। পূর্বধলা থানায় এটি ১৩ জুনের মামলা নং-২৪ হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গত শুক্রবার (১২জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২মিনিট ৫২সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে। এ সময় তাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার পেছনে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকেও একই সঙ্গে স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। পাশাপাশি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “মৃত্যুর মিছিলে আমরা এগিয়ে, ইনশাআল্লাহ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মুক্তি, মুক্তি, মুক্তি চাই। আহমদ হোসেনের মুক্তি চাই।”

সেই সঙ্গে ভিডিও ফুটেজ ওই ছাত্রলীগ নেতা শাহাদত হোসাইন সহ ছাত্রলীগের নেতাকর্মী শ্লোগান দিতে শুনা যায়- এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, আসবে ফিরে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে, পূর্বধলায় জানাইয়া দেয় শেখের বেটি আইতাছে, সারা দেশে খবর দেয়, শেখের বেটি আইতাছে, পূর্বধলার মাটি আহমদ ভাইয়ের ঘাঁটি, মুক্তি মুক্তি মুক্তি চাই আহমদ ভাইয়ের মুক্তি চাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি।