শিশু আয়াতকে কেটে ৬ টুকরো, আসামি আবিরের ফাঁসির রায়

দেশজুড়ে
শিশু আয়াতকে কেটে ৬ টুকরো, আসামি আবিরের ফাঁসির রায়
নিউজ ডেস্ক
১৭ জুন ২০২৬

চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, মামলায় রাষ্ট্রপক্ষের ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) জালাল উদ্দিন জানান, শিশু আয়াতকে হত্যার দায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় আবির আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মরদেহ গোপন ও প্রমাণ নষ্ট করার অপরাধে দণ্ডবিধির ২০১ ধারায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন এলাকায় আরবি পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় সাড়ে পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতিবেশী আবির আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে বলে জানিয়েছিল তদন্ত সংস্থা। পরবর্তীতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আয়াতের পরিবারের সদস্যরা। রায়ে সন্তোষ প্রকাশ করে তারা দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানান।