ভ্যাটসহ নতুন দর নির্ধারণ, ভরিতে সোনার দাম কমল ৯ হাজার টাকা।

ভ্যাটসহ নতুন দর নির্ধারণ, ভরিতে সোনার দাম কমল ৯ হাজার টাকা।
নিউজ ডেস্ক
১৮ জুন ২০২৬

প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের মূল্য প্রকাশ, ভরিতে সোনার দাম কমেছে ৯ হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করা হয়েছে, যা বাজারে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর করা হয়। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংগঠনটি জানিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা আগের তুলনায় ভরিতে ৯ হাজার ১৩ টাকা কম।

এর আগে ১৫ জুন ২২ ক্যারেট স্বর্ণের ভিত্তি মূল্য ছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করলে এক ভরি স্বর্ণালংকারের দাম দাঁড়াত ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা। নতুন কাঠামোয় সেই দামের তুলনায় উল্লেখযোগ্য হ্রাস এসেছে।

বাজুসের নতুন তালিকা অনুযায়ী ভ্যাটসহ ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা প্রতি ভরি।

সোনার পাশাপাশি রুপার দামও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ভ্যাট কাঠামো পরিবর্তনের প্রস্তাব থাকায় নতুন করে ভ্যাটসহ মূল্য ঘোষণা করা হয়েছে। আগে যেখানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট ছিল, সেখানে এখন প্রতি ভরিতে নির্ধারিত ২ হাজার ৫০০ টাকা ভ্যাট আরোপের প্রস্তাব রয়েছে।