৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে তিন দিন বন্ধ থাকবে টার্মিনালটির কার্যক্রম। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে। এর প্রভাব পড়তে পারে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের ওপর। বিশেষ করে সারা দেশে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।


