সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

জাতীয়
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর
নিউজ ডেস্ক
৩০ জুন ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হতে যাওয়া এই বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগ এবং শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বাজেটটি পাস হয়। এর আগে সোমবার কয়েকটি সংশোধনী যুক্ত করে অর্থবিল অনুমোদন দেয় সংসদ, যার মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত রূপ পায়।

সংশোধিত অর্থবিল অনুযায়ী, ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে, যা অর্থনীতিতে স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর নতুন করে ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।

বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন খাতের বরাদ্দ, রাজস্ব আহরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে অনুমোদনের মধ্য দিয়ে নতুন অর্থবছরের রাজস্ব ও ব্যয় পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ সুগম হলো।