বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার এবং সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিচালিত যেকোনো অপপ্রচার দ্রুত শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক ভাবমূর্তি নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বিভ্রান্তিকর প্রচারণা বা অপপ্রচারের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
তিনি জানান, সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
বৈঠকে ফিলিস্তিন প্রসঙ্গেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থন অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজ করার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর আহ্বান জানান।
এছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের ভিসার জন্য আবেদনকারী ফিলিস্তিনি নাগরিকদের তথ্য যাচাইয়ের সুবিধার্থে সংশ্লিষ্ট আবেদনপত্রের অনুলিপি ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর প্রস্তাবও তুলে ধরেন রাষ্ট্রদূত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।


