ট্রাম্পের ঘোষণা, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অধ্যায় শেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত আর কার্যকর নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের নেতৃত্বের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা ফলপ্রসূ হবে বলে তিনি মনে করেন না।
বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে বিবিসি।
ট্রাম্প বলেন, তার দৃষ্টিতে ইরানের সঙ্গে হওয়া সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ইরানের নেতৃত্ব ‘নিকৃষ্ট’ ও ‘অসুস্থ মানসিকতার’ এবং তারা সহিংস আচরণে বিশ্বাসী।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। এ কারণেই তেহরানের প্রতি আস্থা রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা চাইলে ইরানের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তবে তার মতে, এ ধরনের আলোচনা বাস্তব কোনো অগ্রগতি আনবে না।
তিনি আরও বলেন, ইরান আলোচনার নামে সময়ক্ষেপণ করছে এবং তাদের বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তাই বর্তমান পরিস্থিতিতে নতুন করে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা চলছে।


