আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রধান ও মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নিয়োগের তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাবাব ফাতিমা আফগানিস্তানে ইউএনএএমএর প্রধান হিসেবে কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিবৃতিতে মহাসচিব আন্তোনিও গুতেরেস বিদায়ী প্রধান রোজা ওতুনবায়েভার নিবেদিতপ্রাণ নেতৃত্ব ও সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউএনএএমএর উপপ্রধান ও ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী কানাডার জর্জেট গ্যাগননের অবদানেরও প্রশংসা জানান।
বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র (এসআইডিএস) বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারি সেবায় রাবাব ফাতিমার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার কর্মজীবনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, আন্তর্জাতিক সমর্থন আদায়, উন্নয়ন কর্মসূচির পরিকল্পনা এবং বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি ইউনিসেফ ও জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।
এ ছাড়া ২০২২ সালে রাবাব ফাতিমা জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। একই বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেন।
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের নেতৃত্বে তার এই নিয়োগ বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


